ডিএনসিসি প্রশাসক

গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসী কষ্ট করবে, এটা হতে পারে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৩ মে ২০২৬
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসী কষ্ট করবে, এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, জনগণের টাকা অপচয় করে আমরা প্রতিদিন খাল পরিষ্কার করবো, আবার পরের দিন আগের অবস্থায় ফিরে যাবে—সেটা মেনে নেওয়া হবে না। এজন্য অবৈধভাবে যারা খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তা অপসারণ না করলে আইনিভাবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা সেগুলো উচ্ছেদ করবো।

বৃহস্পতিবার (১৩ মে) রাজধানীর কালসিতে সাংবাদিক কলোনি খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।

jagonews24

এসময় প্রশাসক বলেন, আপাতত আগামী এক সপ্তাহ খালটি পরিষ্কার করা হবে, যাতে এলাকাবাসী সাময়িকভাবে জলাবদ্ধতা থেকে মুক্তি পায়। পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট বাড়ির মালিক সমিতি ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালটি অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা একাধিকবার খালটি পরিষ্কার করলেও অল্প সময়ের মধ্যেই আগের অবস্থায় ফিরে যায়। তাই বিষয়টির স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খাল উদ্ধারের বিকল্প নেই। এলাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে হলে খাল উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা জরুরি।

অবৈধ দখলদারদের পুনর্বাসনের সুযোগ নেই উল্লেখ করে প্রশাসক বলেন, কোনো ব্যক্তি যদি অবৈধভাবে সরকারি বা সংস্থার জমির ওপর স্থাপনা নির্মাণ করে, তাহলে সেটির দায় তাকেই নিতে হবে।

তবে মানবিক দিক বিবেচনায় কেউ সময় চাইলে আলোচনার মাধ্যমে তা বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি।

প্রশাসক ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রেন বা খাল ময়লা ফেলার জায়গা নয়। যারা এখানে বসবাস করেন, তাদেরও দায়িত্বশীল হতে হবে। সবাই সচেতন না হলে শুধু পরিষ্কার করেই স্থায়ী সমাধান সম্ভব নয়।

এমএমএ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।