‘এত বছর ওরা আমাদের ডাকে নাই, পেসাররা খুবই রোমাঞ্চিত’
আগামী মাসে সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। এরপর আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতেও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজকে বড় সুযোগ হিসেবেই দেখছেন মুশফিকুর রহিম।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ। এত বছর যেহেতু ওরা আমাদের ডাকে নাই, ওদের কন্ডিশন নিয়ে আমাদের পেসাররা খুবই রোমাঞ্চিত। আমার বিশ্বাস, তারা ওদের খুবই টাফ টাইম দেবে।’
এদিকে দলে থেকেও নিয়মিত একাদশে সুযোগ না পাওয়া নাইম হাসানের মানসিক দৃঢ়তার প্রশংসাও করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিক বলেন, ‘নাইম হাসান অনেক দিন ধরে দলের সঙ্গে। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। এটা তার জন্য খুবই টাফ। তবে সে মানসিকভাবে অনেক শক্ত। তাকে সবসময়ই প্রস্তুত থাকতে হবে। সে প্রতিদিনই উন্নতি করছে। আশা করছি সে সুযোগ পাবে।’
এসকেডি/এমএমআর