চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো অটোরিকশা, আহত চালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৮ মে ২০২৬
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে/ছবি সংগৃহীত

চট্টগ্রাম মহানগরের কদমতলী রেলগেটে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশাচালক আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৮৮ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করছিল। এ সময় একটি অটোরিকশা রেললাইন পার হওয়ার চেষ্টা করে। ট্রেনটি কাছাকাছি চলে এলেও দ্রুত লাইন পার হতে গিয়ে এ ঘটনা ঘটে।

ট্রেনের দায়িত্বে থাকা এক সদস্য জানান, অটোরিকশাটি রেললাইনে উঠে পড়ার পর লোকোমাস্টার বারবার হুইসেল বাজিয়ে সতর্ক করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে ট্রেন থামানো সম্ভব হয়নি। ফলে দুর্ঘটনা এড়ানো যায়নি।

দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি রেললাইন থেকে সরিয়ে নেয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান বলেন, দুর্ঘটনায় সিএনজিচালক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, কদমতলী রেলগেটে প্রায়ই ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করতে দেখা যায়। এ কারণে সেখানে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের দাবি জানান তারা।

এমআরএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।