ইস্তাম্বুল-ঢাকা রুটে ফ্লাইট বাড়াচ্ছে তার্কিশ এয়ারলাইন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৮ মে ২০২৬
তার্কিশ এয়ারলাইন্স-সংগৃহীত ছবি

ইস্তাম্বুল-ঢাকা রুটে সপ্তাহে আরও দুটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তার্কিশ এয়ারলাইন্স। আগামী ১৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া এ পরিষেবাটি ২৩ অক্টোবর পর্যন্ত চলবে। এটি এয়ারলাইন্সটির বিদ্যমান দৈনিক ফ্লাইটের পরিপূরক হিসেবে কাজ করবে।

গত ১৬ মে বাংলাদেশে তুর্কি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। ওই পোস্টে তিনি বলেন, ‌‘আমরা বাংলাদেশকে বিশ্বের সঙ্গে সংযোগকারী একটি শক্তিশালী সেতু হিসেবে সর্বদা গর্ববোধ করে এসেছি। আজ আমরা এই অঙ্গীকারকে আরও এগিয়ে নিয়ে যেতে পেরে গর্বিত।’

তিনি আরও বলেন, ‘আগামী জুলাই মাস থেকে আমরা সপ্তাহে আরও দুটি ফ্লাইট যোগ করে আমাদের ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছি। এর ফলে ঢাকা থেকে মোট সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ৯টিতে উন্নীত হবে। এর মাধ্যমে আমাদের বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বের সর্বাধিক সংখ্যক দেশের সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও বিস্তৃত হবে।’

jagonews24

ইসলাম গুরে বলেন, ‘এটি শুধু অতিরিক্ত ফ্লাইট নয়— এটি বৈশ্বিক সংযোগকে শক্তিশালী করা এবং বাংলাদেশের উন্নয়নে সহায়তা করার একটি প্রয়াস। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ পদক্ষেপ বাংলাদেশের মানুষের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।’

ওই পোস্টের নিচে একটি ফটোকার্ড আপলোড করেন ইসলাম গুরে। সেখানে ফ্লাইট সূচিতে উল্লেখ করা হয়, জুলাই থেকে ঢাকাগামী ফ্লাইট টিকে-৭২২ প্রতি শুক্র ও শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে ইস্তাম্বুল থেকে ছেড়ে পরদিন রাত ২টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

অন্যদিকে ফিরতি ফ্লাইট টিকে-৭২৩ প্রতি শনি ও রোববার ভোর ৩টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ৯টা ৩৫ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছাবে।

এমএমএ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।