গ্রেফতার ৪

বিটিসিএলের কর্মী সেজে ম্যানহোল খুলে তামার তার চুরি করতেন তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৮ মে ২০২৬
চক্রের চারজনকে গতকাল রোববার গ্রেফতার করেছে পুলিশ

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতাররা হলেন- ইব্রাহিম (৩০), হুমায়ুন কবির (৪৯), মো. জুলহাস (৩০) ও মো. বাবুল (৩৫)।

পুলিশ জানায়, বিটিসিএলের কর্মী সেজে বা রাস্তা মেরামতের নামে মাটির নিচের ম্যানহোল খুলে অত্যন্ত কৌশলে মূল্যবান ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চুরি করতো চক্রের সদস্যরা।

সোমবার (১৮ মে) ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

তিনি বলেন, সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি চুরির মামলা তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরে গতকাল রোববার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ চারজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতাররা সংঘবদ্ধ তার চোরচক্রের সক্রিয় সদস্য। তারা গভীর রাতে নির্জন রাস্তাঘাটে বিটিসিএলের কর্মী সেজে বা রাস্তা মেরামতের নামে মাটির নিচের ম্যানহোল খুলে অত্যন্ত কৌশলে মূল্যবান ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার কেটে নিয়ে যেতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতাররা চোরাই তারের ওপরের প্লাস্টিকের আবরণ পুড়িয়ে ভেতরের মূল্যবান তামা বের করে তা স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন বলেও স্বীকার করেন।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।