জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা

অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাকসুর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৮ মে ২০২৬

ক্যাম্পাসের অভ্যন্তরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীকে ধর্ষণচেষ্টায় ঘটনার ১০০ ঘণ্টা পেরোলেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাকসু।

সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টা ৩৭ মিনিট থেকে ২০ মিনিট তারা সড়ক অবরোধ করে রাখে। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এতে জাকসুর নেতারা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মিছিল পরবর্তী সমাবেশে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মতো ন্যক্কারজনক ঘটনার প্রায় দেড়শ ঘণ্টা পার হলেও রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী এখনো নীরব ভূমিকা পালন করছে। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে। এবং এই আন্দোলনের ফলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায়ভার এই বিশ্ববিদ্যালয় প্রশাসনক ও রাষ্ট্রকে নিতে হবে।

অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাকসুর

জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, দেশে এর থেকেও অনেক বড় ঘটনা ঘটে যেখানে অপরাধীরা খুব দ্রুতই গ্রেফতার করা হয়। কিন্তু এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি অপরাধীর সম্পূর্ণ ফুটেজ থাকার পরও প্রশাসন তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পারেনি।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের ভেতরেও একটি মহল ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেটাতে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে অতি দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় পুরো ক্যাম্পাসসহ মহাসড়ক অবরোধ করে দেওয়া হবে।

মো. রকিব হাসান প্রান্ত/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।