বনানীতে ককটেল তৈরির সরঞ্জামাদিসহ গ্রেফতার ৫
রাজধানীর বনানী থানা পুলিশ সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের পরামর্শকালে জামায়াত শিবিরের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাজ থেকে নাশকতার সৃষ্টির অবিস্ফোরিত ককটেল, পেট্রোল ও গান পাউডারসহ ম্যাগাজিন ও বই উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- বনানী থানার ছাত্র শিবিরের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান ও তার সহযোগী মো: জয়নাল আবেদীন, মো: আরিফুজ্জামান আরিফ, খালিফ সাইফুল্লাহ এবং মো: আতিয়ার রহমান। বনানী থানার অফিসার ইনচার্জ ভূইঁয়া মাহবুব হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ সময় তাদের হেফাজত থেকে ১৩০টি অবিস্ফোরিত ককটেল, ০২ লিটার পেট্রোল, ১০ কেজি পাথরের কুচি, ০১ কেজি গান পাউডার, ১২ টি নতুন স্কচটেপ, ০৩ কেজি প্যারেক, ০৩ বান্ডেল তুলা, ০১ কেচি, ১৫টি জর্দার খালি কৌটা, ০১ কেজি জর্দা, ১২ টি ম্যাগাজিন ও বই, ২৭ টি খাকি রংয়ের খাম ও ০৪ টি ছোট বড় হিসাবের রেজিস্টার উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার মধ্যরাত ২টা ৩০মিনিটের দিকে বনানী থানার ব্লক-চ, ১৩৩/১, আমিনুল ইসলাম ভিলা নামের বাড়ির দ্বিতীয় তলায় তারা জঙ্গী কার্যকলাপ সংঘটন এবং নাশকতা সৃষ্টির জন্য পরামর্শ করছিল। এসআই মোহাম্মদ ইয়াসীন গাজীর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা ডিসেম্বর-২০১৪ থেকে আমিনুল ইসলাম ভিলায় বসবাস করছিল। পূর্বেও তারা এ এলাকার আশেপাশে বিভিন্ন বাসায় ভাড়া থাকত। তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত। তাদের সাথে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আরএস