কোকোর দাফন হতে পারে বনানী কবরস্থানে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে বনানীর সেনা কবরস্থানে দাফনের জন্য আবেদন করা হবে। চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল রোববার রাতে জাগোনিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মালয়েশীয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কোকোর মরদেহ ঢাকায় পৌঁছুবে। মঙ্গলবারই তাকে দাফন করা হবে। দাফনের স্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বনানীর কবরস্থানে দাফনের জন্য সোমবার আবেদন করা হবে বলে জানান তিনি।
এরইমধ্যে কোকোর মরদেহ আনতে মালয়েশিয়া গেছেন তার ছোট মামা শামীম ইস্কান্দার।
শনিবার দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।