হাসিনার অধীনে নির্বাচনে সমস্যা দেখিনা: বি চৌধুরী
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সঙ্গে বিভিন্ন ইস্যুতে একসঙ্গে আন্দোলন চালিয়ে আসা দল বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। রোববার বারিধারায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হতে পারে। তবে তা নিরপেক্ষ হতে হবে। বিশ্বের অনেক দেশেই এই চর্চা রয়েছে। এর জন্য নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা দেখছি না’।
দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বানও জানান তিনি। এমনকি আগামী সাতদিনের মধ্যে এ সংলাপের উদ্যোগ না নেওয়া হলে অনশনে বসার ঘোষণাও দিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন না হওয়া পর্যন্ত সংকট কাটবে না।
পরস্পরকে পাল্টাপাল্টি আক্রমণের সমালোচনা করে বদরুদ্দোজা বলেন, কোনো কু-কথা বলবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যারা কটূক্তি করছে তারা ভুল পথে আছে। এটি জনগণ চায় না`।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিএনপি-জামায়াত জোটের শীর্ষ পর্যায়ের পরামর্শক অধ্যাপক এমাজউদ্দীন আহমদও বলেছিলেন শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন হলে সমস্যা থাকার কথা নয়।