বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট বিল সংসদে উপস্থাপন
২০১৪ এর ওপর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করা হয়েছে। সোমবার সংসদ অধিবেশনে কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
সামুদ্রিক সম্পদ আহরণ, যথাযথ ব্যবহার নিশ্চিত করতে গবেষণাসহ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় একটি গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব করে গত ২৫ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করেন।
বিলে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের প্রধান কার্যালয় কক্সবাজার জেলার রামু উপজেলায় স্থান এবং প্রয়োজনে দেশের যে কোন স্থানে শাখা স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিলে ইনস্টিটিউট পরিচালনায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৮ সদস্যের পরিচালনা বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে।
বোর্ডের কার্যাবলী, বোর্ডের সভা, গবেষণা ও গবেষণার বিষয়, ইনস্টিটিউটের মহাপরিচালক ও দায়িত্ব-কর্তব্য কর্মকর্তা-কর্মচারি নিয়োগ, কমিটি গঠন, তহবিল, বাজেট, হিসাব ও নিরীক্ষা, বিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিলটিতে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
একই সাথে ইনস্টিটিউটের কার্যাবলীর মধ্যে ভৌত মহাসমুদ্রবিদ্যা, ভূতাতাত্ত্বিক মহাসমুদ্রবিদ্যা, রাসায়নিক মহাসমুদ্রবিদ্যা, জৈব মহাসমুদ্রবিদ্যা, জলবায়ু মহাসমুদ্রবিদ্যা ও সমুদ্রবিদ্যা বিষয়ক অন্য যে কোন বিষয়ে গবেষণার কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া সোমবার সংসদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৩-১৪ উপস্থাপন করা হয়। সংসদ কার্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রতিবেদনটি উপস্থাপন করেন।
আরএস/পিআর