এসএসসিতে খাতা জমা ও ব্যবহারিক পরীক্ষা পিছিয়েছে


প্রকাশিত: ০২:৩৫ এএম, ১৪ মার্চ ২০১৫

হরতাল-অবরোধে এসএসসি-সমমানের লিখিত পরীক্ষা পেছানোর কারণে বোর্ডগুলো এবার ব্যবহারিক পরীক্ষাও পিছিয়েছে। পাশাপাশি উত্তরপত্র গ্রহণের জন্য নতুন করে চতুর্থ দফায় তারিখ ঘোষণা করেছে।

অন্যদিকে কেবল পরীক্ষা নেয়াই নয়, খাতা জমাদান প্রক্রিয়াও ভেঙে পড়েছে। সর্বশেষ শুক্রবার উত্তরপত্র জমা নেয়ার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ২১ মার্চ জমা নেয়া হবে ৭, ১৩ মার্চসহ শনিবার এবং আগামী ২০ মার্চের পরীক্ষার উত্তরপত্র।

অপরদিকে ঢাকা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ মার্চ থেকে ব্যবহারিক পরীক্ষা নেয়ার পূর্বনির্ধারিত যে সময়সূচি ছিল, তা স্থগিত করা হল।

এদিকে হরতালের কারণে এখন পর্যন্ত এসএসসি ও সমমানের আরও ৫টি পরীক্ষা আগের ঘোষিত সময় অনুযায়ী নেয়া যায়নি। এগুলোর মধ্যে ৩টিই স্থগিত রয়েছে। বাকি দুটির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

৩ মার্চ এসএসসিতে জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি, দাখিলে ইসলামের ইতিহাস, জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও দাখিল কারিগরিতে আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষাটি নেয়া হবে আগামী ২০ মার্চ সকাল ৯টায়।

৪ মার্চ হওয়ার কথা ছিল এসএসসিতে কৃষি শিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের পরীক্ষা। দাখিলে ছিল পৌরনীতি, মানতিক, কৃষিশিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), উর্দু, ফার্সি, কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা ছিল। আর কারিগরি বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনালে এদিন কোনো পরীক্ষা ছিল না। ৪ মার্চের এ পরীক্ষা নেয়া হবে আগামী ২১ মার্চ সকাল ১০টায়।

এছাড়া ৮, ১০ ও ১১ মার্চের পরীক্ষা স্থগিত করা হলেও এই তিন দিনের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়নি।

এসএই্চএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।