নকল নবিশদের জাতীয় বেতন স্কেল দাবি


প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৩ জানুয়ারি ২০১৭

সারাদেশের ৫০১টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৫ হাজার নকল নবিশের (এক্সট্রা মোহরার) চাকরি জাতীয়করণ এবং জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্তের দাবিতে ফের মাঠে নেমেছে এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মহাসমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সট্রা মোহরারদের চাকরি স্থায়ীর জন্য ১৯৭৩ সালে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান এবং আইন প্রণয়ন করেন। কিন্তু ১৯৭৫ পরবর্তী সরকার আইনটি আর বাস্তবায়ন করেনি।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানানোর পরও এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। বরং ১৫ মাস ধরে আমাদের বেতন দেয়া হয় না। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো সাড়া মেলেনি। তাই বাধ্য হয়েই মহাসমাবেশ করেছি।

সমাবেশ শেষে এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ৪ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। দাবি আদায় না হলে ৭ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবে আমরণ অনশন পালন।

সমাবেশে সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এফ এ সুমন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া সারাদেশ থেকে আগত কয়েকশ এক্সট্রা মোহরার এ সময় উপস্থিত ছিলেন।

এএস/এমএমজেড/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।