গ্রেনেড হামলা মামলা দ্রুত সম্পন্ন করার সুপারিশ


প্রকাশিত: ১১:৪১ এএম, ১৮ মার্চ ২০১৫
ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অপ্রয়োজনীয় সাক্ষী বাদ দিয়ে প্রয়োজনীয় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।

বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন এবং মো. শামছুল হক টুকু এ সময় সভায় অংশগ্রহণ করেন।

আলোচিত, জনগুরুত্বসম্পন্ন ও চাঞ্চল্যকর ২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলা নিষ্পত্তিতে অস্বাভাবিক বিলম্বের কারণ নিরসনের অগ্রগতির বিষয় এবং সারা দেশে জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে আইন কমিশনের দু’টি ও সংসদীয় স্থায়ী কমিটির একটি মোট তিনটি প্রতিবেদন পরীক্ষা করে আইন মন্ত্রণালয় থেকে রিপোর্ট প্রণয়নের অগ্রগতি সম্পর্কে সভায় আলোচনা করা হয়। এছাড়াও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া সারাদেশে জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন পদ সৃষ্টি করে বিচারক নিয়োগ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয় সভায়। একই সাথে কমিটি বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম উন্নয়নে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

আইন কমিশনের চেয়ারম্যান, আইন ও বিচার বিভাগের সচিব, আইন কমিশনের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।