রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম দ্রুত শুরুর নির্দেশ


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৮ মার্চ ২০১৫

রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম দ্রুত শুরুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টদেরকে আরো তৎপর হতেও নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রাঙ্গামাটি মেডিকেল কলেজের কার্যক্রম সংক্রান্ত এক সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।

সভায় রাঙ্গামাটি মেডিকেল কলেজের পরিচালনা বোর্ডে জনসংহতি সমিতির একজন প্রতিনিধিকে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত হয়। এছাড়া কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভবিষ্যতে উপজাতীয় কোটা সম্প্রসারনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জনসংহতি সমিতির নেতৃবৃন্দ এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় মন্ত্রী দেশের উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে শিশুদের জন্য ১৫০ জন চিকিৎসক পদায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া তিনি উপজেলা পর্যায়ের বিদ্যালয়গুলোতে শিশু কিশোরদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল স্বাস্থ্য কর্মসূচি পুনরায় চালুর উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন। এ কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে উপজেলার বিদ্যালয়গুলোতে শিশু স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প করার জন্য আহŸান জানান।

এ সময় মন্ত্রী বলেন, সরকার প্রতিটি বিভাগে শিশু হাসপাতাল স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এছাড়া ইউনিয়ন পর্যায়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সংখ্যা আরো বাড়ানো যায় কিনা সেই বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। দেশের সব কয়টি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালে শিশুদের জন্য শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডাঃ এম আর খান, বারডেম এর মহাপরিচালক ডাঃ নাজমুন নাহারসহ এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এসএ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।