বিকল্প ব্যবস্থায় চলছে ইউনাইটেডের ফ্লাইট


প্রকাশিত: ০৩:২৫ এএম, ২৫ এপ্রিল ২০১৫

পাইলটদের ধর্মঘটের কারণে ‘বিকল্প ব্যবস্থায়’ অভ্যন্তরীণ রুটে কার্যক্রম শুরু করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ। তিন দিন বন্ধ থাকার পর শুক্রবার সন্ধ্যা থেকে ফ্লাইট কার্যক্রম শুরু  হয়েছে বলে জানিয়েছেন ইউনাইটেড এয়ারওয়েজের এজিএম (মার্কেটিং অ্যান্ড পিআর) কামরুল ইসলাম।

কামরুল ইসলাম জানান, এক মাসের বেতন বকেয়া থাকায় বুধবার সকাল থেকে ইউনাইটেডের পাইলটরা ধর্মঘট শুরু করেন। এতে সব ধরনের ফ্লাইট বন্ধ হয়ে যায়। পাইলটরা কর্মবিরতি থেকে সরে না আসায় বাইরে থেকে পাইলট এনে শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা-যশোর রুটে ফ্লাইট শুরু করা হয়। শনিবার চট্টগ্রাম থেকে জেদ্দার আন্তর্জাতিক ফ্লাইট চালানো হবে। এছাড়া অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোরের ফ্লাইটগুলোও যথা সময়ে ছাড়বে।

তিনি আরো বলেন, পাইলটরা এখনো ধর্মঘটে থাকায় বিকল্প ব্যবস্থায় ফ্লাইটগুলো পরিচালনা করা হচ্ছে। কয়েকদিনের মধ্যে ফ্লাইট স্বাভাবিক করে ফেলা হবে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।