ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুনের ঘটনায় মো. কালাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনি, তার স্ত্রী ও তিন সন্তান দগ্ধ হয়েছিলেন। রোববার (১০ মে) সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় আগুনের ঘটনা ঘটে।
সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মো. কালামের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্নের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বাকি দগ্ধদের মধ্যে কালামের স্ত্রী সালমার (৪০) ৬০ শতাংশ, ছেলে মুন্নার (১২) ৩০ শতাংশ, মেয়ে কথার (১০) ৫২ শতাংশ এবং মেয়ে মুন্নীর (৭) ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তারা প্রত্যেকেই জরুরি বিভাগে চিকিৎসাধীন।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, রোববার সকালের দিকে গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন নয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থাকায় বদ্ধরুমে গ্যাস জমে থাকায় ভাড়াটিয়া কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলেই বিস্ফোরণ ঘটে। পরে আহত ব্যক্তিদের স্থানীয়দের সহায়তায় জাতীয় বার্নে নেওয়া হয়।
জানা গেছে, কালামের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বলুকদিয়ায়। ফতুল্লার গিরিধারা সাদ্দাম মার্কেটের পাশে নয়তলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
এএমএ