মাইক ব্যবসা তুঙ্গে


প্রকাশিত: ০৩:৫১ এএম, ২৫ এপ্রিল ২০১৫

সিটি নির্বাচন উপলক্ষে জমে উঠেছে রাজধানীর মাইক ব্যবসা। এ খাতের ব্যবসায়ীরা এখন দিন কাটাচ্ছেন চরম ব্যস্ততার মধ্য দিয়ে। কোথাও কোথাও মাইক ভাড়া না পেয়ে বাধ্য হয়েই প্রার্থীদের হ্যান্ডমাইক কিনে প্রচার শুরু করতেও দেখা গেছে। রাজধানী বিভিন্ন এলাকা ঘুরে এমন তথ্য জানা গেছে।    

রাজধানীর রায়ের বাজারের হাসান ডেকোরেটর। দোকানে মোট পাঁচটি মাইক। নির্বাচনী প্রচার শুরু থেকে একদিনের জন্যও মাইক ফাঁকা থাকেনি। যে প্রার্থী প্রথম থেকে মাইক ভাড়া নিয়েছেন তিনি আর সেটি হাতছাড়া করেন নি। শুধু ব্যাটারি চার্জের সময় ছাড়া বাকি সময় মাইক নিজের নিয়ন্ত্রণেই রেখেন প্রার্থীরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সংরক্ষিত ১২ আসনের প্রার্থী আক্তার প্রচারের জন্য হ্যান্ডমাইক কিনেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, মাইক ভাড়া নিয়ে প্রতিদিন প্রচার করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। এ সময় ভাড়া প্রায় দ্বিগুণ টাকা আদায় করছেন দোকানদাররা। সেজন্য মাইক কিনে নিয়েছি।

ধানমণ্ডি ১৫ নম্বর এলাকার একটি মাইকের দোকানদার জানান, তার দোকানে চারটি মাইক আছে। আগে দিনে গড়ে একটি মাইকও ভাড়া যেত না। এখন মাইক আর ফেরতই আসে না। আগে মাইক প্রতি ভাড়া একদিনের জন্য সর্বোচ্চ ৮০০ টাকা নেওয়া হতো। এখন মাইক প্রতি দিনে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা ভাড়া নেওয়া হয়। শুধু তাই নয়, দোকান থেকে যাতে মাইক হাতছাড়া না হয় সেজন্য ভাড়া নিয়ে দোকানে থাকা অবস্থায় মাইকে পোস্টার লাগিয়ে রেখেছেন প্রার্থীরা। যাতে অন্য কোনো প্রার্থী ভাড়া চাওয়ার সুযোগ না পান। তবে অনেক প্রার্থী মাইক না পাওয়ায় `সাউন্ড বক্স` ব্যবহার করছেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।