প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার


প্রকাশিত: ০৪:৫৭ এএম, ২৫ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন। সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রধানমন্ত্রীর তিন দিনের সরকারি সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে গণভবন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৩ দিনের এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলন শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী। এ বছরের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বিশ্ব শান্তি ও সমৃদ্ধি অর্জনে সাউথ-সাউথ সহযোগিতা জোরদার করা।’

তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্দেশ্য সাউথ-সাউথ সহযোগিতার মাধ্যমে এশিয়া ও আফ্রিকার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময়ে অংশীদারিত্ব জোরদার এবং কৌশল নিয়ে আলোচনা ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এই সম্মেলনের উদ্বোধন করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আফ্রো-এশিয়ার ৩৪টি দেশের রাষ্ট্র অথবা সরকার প্রধানগণ এতে যোগ দেন।

শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী দিনে প্লেনারি দ্বিতীয় সেশনে ভাষণ দেন। তিনি ভাষণে শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে সাউথ-সাউথ সহযোগিতা আরো জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন চীনের প্রেসিডেন্ট জি জিন পিং, ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রং ট্যান স্যাং, মায়ানমারের প্রেসিডেন্ট ইউ থেইন সেন, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে, জর্ডানের বাদশা আব্দুল্লাহ ইবনে আল হোসাইন, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, ফিলিপাইনের প্রধানমন্ত্রী ড. রামি হামদুল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেইসেন লুং এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।