রাজধানীতে হেলে পড়েছে ১০ ভবন, একটি সিলগালা
ভূমিকম্পে রাজধানীতে ১০টি ভবন হেলে পড়েছে। তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভোজন কুমার সরকার জাগো নিউজকে ৯টি ভবন হেলে পড়ার কথা নিশ্চিত করেছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভোজন কুমার সরকার জাগো নিউজকে বলেন, ‘ইসলামবাগে হেলে পড়া একটি ৫তলা ভবনকে সিলগালা করা হয়েছে।’
রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর-১, ফুলবাড়িয়ার বরিশাল প্লাজা, নবাবপুর, লালবাগ ও বনানীর ইফাদ টাওয়ার হেলে পড়ার সংবাদ জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। এদিকে কুড়িল বিশ্বরোড এবং গুলশান-২ নম্বরে দুটি ভবন হেলে পড়ার সংবাদ গেলেও ঘটনাস্থলে গিয়ে এগুলোর কোনো সত্যতা পায়নি ফায়ার সার্ভিস। অন্যদিকে রাজধানীর মধ্যবাড্ডায় লিলিকুঞ্জ নামে অপর একটি ভবন হেলে পড়ার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঢাকার এই ভবনগুলোসহ সারাদেশে প্রায় ১৮টি ভবন হেলে পড়ার সংবাদ নিশ্চিত করেছেন ভোজন কুমার সরকার। ভবন হেলে পড়ার ঘটনায় রাজধানীতে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় ফায়ার সার্ভিস।
এআর/একে/আরআই