সিটি নির্বাচন : মাঠে থাকবে ৮০ হাজার আইন-শৃঙ্খলাবাহিনী


প্রকাশিত: ১২:২২ পিএম, ২৫ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৮০ হাজার আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হবে। এছাড়া ক্যান্টনমেন্টে প্রস্তুত থাকবেন সেনাবাহিনী। রিটার্নিং কর্মকর্তা যখনই মনে করবেন, তখনই সেনাবাহিনী মাঠে নামবেন। শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, আমরা হিসেব করে দেখেছি আনসার, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিজিবি মিলে প্রায় ৮০ হাজারের মতো নিরাপত্তাকর্মী নির্বাচনে নিয়োজিত থাকবেন।
 
তিনি বলেন, তিন সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের সব লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী মালামাল প্রস্তুত করা হয়েছে এবং চট্টগ্রামের মালামাল শুক্রবার পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ (শনিবার) ঢাকার দুই সিটির নির্বাচনী মালামাল দেওয়া হবে। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছে।

সিরাজুল ইসলাম বলেন, প্রত্যেক সাধারণ কেন্দ্রে ২২ জন করে নিরাপত্তাকর্মী ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে যথাক্রমে ১০ ও ১২ জন সশস্ত্র নিরাপত্তাকর্মী থাকবেন। এর বাইরে প্রতি ওয়ার্ডে একটি করে পুলিশের মোবাইল টিম নিয়োজিত থাকবে।

এছাড়া প্রতি ২ ওয়ার্ডে র্যাবে সদস্যরা এবং বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। তিন সিটিতে প্রায় ১০০ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবেন।

উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।.

#নির্বাচনে থাকবে নিচ্ছিদ্র নিরাপত্তা : ডিএমপি

এইচএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।