মামলাজট কমাতে সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে : প্রধান বিচারপতি


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৫ এপ্রিল ২০১৫

দেশের আদালতসমূহে বিদ্যমান মামলার জট কমাতে সংশ্লিষ্টদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাসিক লিগ্যাল এইড আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। সেমিনারে দেশের নিম্ন আদালতে কর্মরত জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেন।

প্রধান বিচারপতি বলেন, দেশের আদালতগুলোতে ৩০ লাখ মামলার জট রয়েছে। দিন দিন মামলার জট বেড়েই চলেছে। এ জট কমাতে প্রয়োজন যথেষ্ট বিচারক এবং লজিস্টিক সাপোর্ট। তিনি বলেন, ৬০ শতাংশ মামলাই হলো ভূমি সংক্রান্ত মামলা। বিশেষত দেওয়ানি বিচার পদ্ধতি অসংখ্য মামলার সীমাবদ্ধতাও রয়েছে।

আদালত প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিরতার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সনাতনি পদ্ধতিতে চলছে প্রশাসনিক কার্যক্রম। জাতীয় ও জেলা পর্যায়ে প্রশাসনিক অবকাঠামো, বিচারক স্বল্পতা, আইনজীবী ও আদালতের প্রতি অবিশ্বাসসহ নানাবিধ সমস্যা রয়েছে।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, প্রশাসনের কর্মকর্তারা ঠিকমতো অফিসে না আসার প্রবণতা রয়েছে। কিন্তু মামলাজট কমানো ও বিচার প্রার্থীদের হয়রানি লাঘবে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।

মাসিক লিগ্যাল এইডের সম্পাদক খাজা গোলাম মোর্শেদের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, বিচারপতি নাঈমা হায়দার। স্বাগত বক্তৃতা দেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী হাসান আরিফ। সেমিনারে মূল প্রতিবেদন উপস্থাপন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।