নির্বাচনী নিরাপত্তায় র্যাবের মোবাইল জিপিএস ট্র্যাকিং
আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে র্যাবের মোবাইল টিমগুলোতে থাকবে আধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা মোবাইল টিমগুলোকে কোথায় অবস্থান করছে সদর দফতরের স্ক্রিনে তা দেখা যাবে।
রোববার সকালে র্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, সহিংসতার সংবাদ পেয়ে যে টিম ঘটনাস্থলের পাশে থাকবে সদর দফতর সে টিমকে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে নির্দেশ পাঠানো হবে।
তিনি আরো জানান, সিটি নির্বাচনের নিরাপত্তায় ১৪০ টি ওয়ার্ডে মোট ২৬৮ টি মোবাইল টিম, ৩৬ টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, ১৩৪ টি মোটরসাইকেল, পিকআপ ও মাইক্রোবাসে টহল দেবে র্যাবের সদস্যরা। এছাড়া সাদা পোশাকে ১৩৪ জনসহ সর্বমোট ৫০০০ র্যাব সদস্য নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে।
র্যাব মহাপরিচালক বলেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। নির্বাচনে ভোটারও রিটার্নিং অফিসারের পাশাপাশি নির্বাচন পরবর্তী নিরাপত্তাও দেয়া হবে। এছাড়াও নির্বাচনকালীন সময়ে বৈধ অস্ত্রবহনসহ যে সকল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো আমলে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রিজাইডিং অফিসারের আদেশক্রমে যে কোন ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে র্যাব।
বাংলামোটরে খালেদা জিয়ার উপর হামলার ঘটনায় অস্ত্রধারীদের চিহ্নিত হলেও কেন তাদের ‘প্রশ্রয়’ দেয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্রয়ের কিছু নেই। রাজনীতিতে এমন ব্লেইম গেইম থাকেই। আশা করি অচিরেই চিরস্থায়ীভাবে এই ব্লেইম দূর হবে।
এআর/এএইচ/এমএস