মেধাসম্পদ সুরক্ষায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতিকে সমুন্নত রাখতে মেধাসম্পদ সুরক্ষা ও সৃজনশীলতার বিকাশে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, মহান স্বাধীনতাযুদ্ধে অসংখ্য দেশাত্ববোধক গান মুক্তিযোদ্ধা ও অবরুদ্ধ দেশবাসীকে মুক্তির প্রেরণায় উজ্জীবিত করেছিল। তার সরকার সেসব অমূল্য মেধাসম্পদ সংগীতের উন্নয়ন ও সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ।
রোববার বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, তার সরকার পেটেন্ট, ডিজাইন, ট্রেডমার্কস ও কপিরাইটের উন্নয়ন ও সংরক্ষণের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে মেধার বিকল্প নেই। তিনি আরও বলেন, এবারের মেধাসম্পদ দিবসের প্রতিপাদ্য ‘গেট আপ, স্ট্যান্ড আপ ফর মিউজিক’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সঙ্গীত সৃজনশীলতার অন্যতম একটি মাধ্যম। এদেশের পল্লীগীতি, লালনগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারিগান, সারিগান, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, আধুনিক গানসহ অসংখ্য সঙ্গীত যুগ যুগ ধরে আবহমান বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আর এসকল সঙ্গীতের কথা ও সুর বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্ববাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। তিনি বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এ দিবস উদ্যাপনের কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
বিএ/এমএস