দেশজুড়ে আবারো ভূমিকম্প অনুভূত
দেশজুড়ে শনিবারের মত রোববারও দু’দফা প্রচণ্ড ভূ-কম্পন অনুভূত হয়েছে। রোববার সোয়া ১টার দিকে ভূ-কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ। প্রায় মিনিট খানেক স্থায়ী থাকে এই ভূ-কম্পন। দেশের বিভিন্ন জেলা থেকে জাগো নিউজের প্রতিনিধিরা ভূ-কম্পন অনুভূত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, এবারও ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের কেদরির ১৭ কি.মি. দক্ষিণে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭।
আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের ভূ-পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৬১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
এদিকে ভূ-কম্পনের সময় রাজধানী ঢাকার বিভিন্ন বাসা-বাড়ি থেকে লোকজন আতংকে ছুটাছুটি শুরু করে। অনেকে আতংকে রাস্তায় বের হয়ে আসে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, শনিবার নেপালে রিখটার স্কেল ৭ দশমিক ৯ মাত্রায় ভূমিকম্পন অনুভূত হয়। যার ফলে নেপালসহ ভারত, বাংলাদেশ ও ভূটানেও ভূমিকম্প অনুভূত হয়।
এএ