শাহজাহানপুরে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি বাসা থেকে ব্যাগের ভেতর রাখা এক মাস বয়সী জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কলোনির ১/১৭ নম্বর বাসার দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে ভবনের বাসিন্দারা ওই নবজাতককে উদ্ধার করেন। তাওয়ালে মোড়ানো অবস্থায় ব্যাগে ভরে সিঁড়ির পাশে ফেলে রাখা ছিল।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে (২১১) ভর্তি করা হয়েছে।
ভবনের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, সিঁড়ির পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগ খুলে এর মধ্যে জীবিত অবস্থায় একটি নবজাতক দেখে ভবনের বাসিন্দারা ভয়ে নিচে নেমে যান। পরে ব্যাগটি শাজাহানপুর থানায় নিয়ে গেলে পুলিশ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যেতে বলেন।
তিনি বলেন, জন্মগতভাবেই নবজাতকটির ঠোঁট ও নাক কাটা। এ জন্যই সবাই দেখে ভয় পায়। হয়তো জন্মগতভাবে শিশুটির শারীরিক সমস্যা থাকায় কেউ এভাবে ফেলে গেছে।
একে/আরআইপি