নবনির্বাচিত নগর পিতাদের শপথ প্রক্রিয়া শুরু


প্রকাশিত: ০৪:২২ এএম, ৩০ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নবনির্বাচিত মেয়রদের শপথ প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ সংক্রান্ত সারসংক্ষেপ পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ৩ মেয়রের শপথ অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ করা হবে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) অশোক মাধব রায় বলেন, শিগগিরই ফলের গেজেট জারি হবে। বৃহস্পতিবার (আজ) নতুন নির্বাচিত মেয়রদের শপথসংক্রান্ত সামারি (সারসংক্ষেপ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর দেয়া সময়সূচি অনুযায়ী তাদের শপথের দিনক্ষণ নির্ধারণ করবে মন্ত্রণালয়। সিটি মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলরদের স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, দীর্ঘ এক যুগ পর ঢাকা ও ৫ বছর পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে বিএনপি সমর্থিত প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন। ফলে গুরুত্বপূর্ণ তিন সিটি কর্পোরেশনেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হন। ইতিমধ্যে ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন এবং চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এই তিনজনই প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হলেন।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।