ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৮ ভবনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের অনুরোধ


প্রকাশিত: ১২:২৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকা শহরে হেলে পড়া ৮টি ভবনের হেলে পড়ার কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নিরূপণ করে আগামী ২০ মে’র মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করে কমিটিকে অবহিত করতে গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করেছে জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটির সভায় এ অনুরোধ জানানো হয়।

সভায় বিল্ডিং কোড আপডেটসহ বাস্তবায়নে কঠোর অবস্থান নেয়ার জন্য রাজউক ও সিটি কর্পোরেশনকে অনুরোধ করা হয়। বিশেষত ঝুঁকিপূর্ণ ভবনে বিশেষ কালারের রং দিয়ে চিহ্নিত করে ও তাতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দিতে এ দুটি সংস্থাকে নির্দেশ দেয়া হয়। আগামী সেপ্টেম্বরের মধ্যে বিল্ডিং কোড আইন চূড়ান্ত হবে বলেও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সভায় জানানো হয়।

সরকারি পুরাতন মেডিকেল কলেজগুলো জরুরি ভিত্তিতে রিট্রোফিটিং করার ব্যবস্থা গ্রহণের জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, মসজিদ, মার্কেট ইত্যাদি স্থাপনার একটি নিরীক্ষা স্ব স্ব মন্ত্রণালয়ের উদ্যোগে করার জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। স্কুল কলেজ লেবেলে বছরে দু’বার প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠানের জন্য শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। এছাড়া উপকূলীয় এলাকায় যেসব লোকদের ঘূর্ণিঝড় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে তাদের ভূমিকম্প বিষয়েও প্রশিক্ষণ দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয় সভায়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় সচিব মো. শাহ কামাল, স্থানীয় সরকার, গণপূর্ত, সিটি কর্পোরেশন, রাজউক, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আবহাওয়া অধিদফতরসহ অধিকাংশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।