নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বিএসএমএমইউ উপাচার্যের মতবিনিময়


প্রকাশিত: ১১:১৯ এএম, ০২ মে ২০১৫

নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য বাংলাদেশস্থ নেপালের রাষ্ট্রদূত এইচ কে শ্রেষ্ঠার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান মতবিনিময় করেছেন। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ মতবিনিময় করেন তারা।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান নেপাল-কে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র উল্লেখ করে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে নেপালের অধিবাসীদের মতো আমি নিজেও সমব্যথিত ও শোকাহত। ভূমিকম্পের পর পরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালের বেশ কয়েকজন চিকিৎসককে চিকিৎসা সামগ্রীসহ দ্রুততার সঙ্গে নেপালে পাঠানো হয়েছে। এখনো এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য অর্থোপেডিক, নিউরো সার্জারি, অ্যানেসথেশিওলজি, ইন্টারন্যাল মেডিসিনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণকে নেপালে পাঠানো, সামর্থ্য অনুযায়ী ওষুধ সামগ্রী প্রেরণ ও আর্থিক সহায়তা প্রদানে বাংলাদেশ সরকারের সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও সবরকম প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেপালের প্রায় ২০০ চিকিৎসক অধ্যয়ন করছেন।

মতবিনিময় সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ূয়া, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. আলী আজগর মোড়ল, প্রিভেনটিভ অ্যান্ড স্যোশাল মেডিসিন অনুষদের ডীন ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, পরিচালক (মানবসম্পদ উন্নয়ন) ডা. মো. জামাল উদ্দিন খলিফা, কিডনী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. এ কে এম সালেক, চীফ এস্টেট অফিসার ডা. এ. কে. এম শরীফুল ইসলাম, শিশু কার্ডিওলজি ইউনিটের অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারিসুল হক ও বিএসএমএমইউতে অধ্যয়নরত নেপালের ছাত্র-ছাত্রীগণ।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।