স্থগিত তিন কেন্দ্রের ভোট ১১ মে


প্রকাশিত: ০২:২৬ পিএম, ০২ মে ২০১৫

কারচুপি ও সহিংসতার কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থগিত করা তিনটি কেন্দ্রের ভোট পুনরায় গ্রহণ করা হবে আগামী ১ মে। শুধুমাত্র কাউন্সিলর পদের জন্য এসব কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ইসির উপ-সচিব সামসুল আলম জানান, ২৮ এপ্রিল ভোটগ্রহণের সময় অনিয়মের কারণে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল। আগামী ১১ মে ওই কেন্দ্রগুলোতে আবারও ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন ইসি।

তিনি আরও জানান, ২৮ এপ্রিল কারচুপি ও ভোটকেন্দ্র ভাঙচুরের কারণে ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ৫৩ নম্বর ওয়ার্ডের শ্যামপুর আশরাফ মাস্টার উচ্চ বিদ্যালয় ও ৩৪ নম্বর ওয়ার্ডের পুরান ঢাকার সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছিল। ওই তিনটি কেন্দ্রের ফলাফলের ওপর নির্ভর করছে সংশ্লিষ্ট তিন ওয়ার্ডে কাউন্সিলর কারা হচ্ছেন।

উল্লেখ্য, ইতোমধ্যে ঢাকা উত্তর সিটির মেয়র পদে আসিনুল হক এবং ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত কাউন্সিলর, দক্ষিণ সিটিতে মেয়র পদে সাঈদ খোকন এবং ৫৪টি কাউন্সিলর ও ১৯টি সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছেন ইসি। তবে ডিএসসিসিতে কেন্দ্র স্থগিতের কারণে ৮, ৩৪ ও ৫৩ ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।