শুভ বুদ্ধপূর্ণিমা আজ


প্রকাশিত: ০৩:০৪ এএম, ০৩ মে ২০১৫

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা আজ রোববার। যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের বৌদ্ধ সম্প্রদায় এই উৎসব উদযাপন করছে।

বৌদ্ধধর্ম মতে,  আজ থেকে ২ হাজার ৫৫৮ বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ (বুদ্ধত্ব লাভ) ও মহাপ্রয়াণ বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয়েছিল। তাই এর অন্য নাম দেওয়া হয় `বৈশাখী পূর্ণিমা।` তার অনুসারীরা এই দিনে যেমন আনন্দ করে তেমনি বুদ্ধের মহাপ্রয়াণের কথা স্মরণ করে প্রার্থনা করে এবং তার প্রচারিত বাণী সবার মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। এসব বাণীতে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারা।

দিবসটি উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও বিশিষ্ট ব্যক্তিরা শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।  রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করবেন তারা।

এ উপলক্ষে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাজধানীর সবুজবাগের ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে এবং বুড্ডিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে পৃথকভাবে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালায় রয়েছে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীলগ্রহণ, মহাসংঘদান, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা সভা, সমবেত প্রার্থনা, প্রদীপ পূজা, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।