দিনের প্রথম প্রহরেই বৃষ্টি : নগরবাসীর ভোগান্তি


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১১ মে ২০১৫
ফাইল ফটো

সোমবার দিনের প্রথম প্রহরেই রাজধানীতে নেমেছিল ভারি বৃষ্টি। কালো মেঘে মেঘে হঠাৎই মুছে গিয়েছিল সকালের চিহ্ন। সোমবার সকাল ৭টা পর থেকে মেঘ কালো রূপ ধারণ করতে থাকে। তবে তুমুল বৃষ্টি শুরু হয় আটটার কিছু আগে।

দিনের প্রথম প্রহরেই ভারী বৃষ্টির কারণে দুর্ভোগে পড়তে হয়েছে কর্মব্যস্ত মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের।

বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয় যানবাহন সংকট এবং যানজট। গাড়ি না পেয়ে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছিলেন কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়া মানুষরা।

ভারি বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন অফিস স্কুল-কলেজমুখিদের গন্তব্যে যাওয়ার আগেই মাঝপথে আটকে যেতে হয়। অনেকেই সড়কের আশপাশের বিভিন্ন ভবন ও যাত্রী ছাউনিতে আশ্রয় নেন। মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের জমে যাওয়া পানির মধ্য দিয়ে সাবধানে চলাচল করতে দেখা যায়। অনেক গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে তা বিকল হয়ে যেতেও দেখা যায়।

বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ধানমন্ডি, মোহাম্মদপুর ফার্মগেট, মতিঝিল ও মিরপুর এলাকায় অফিসগামী যাত্রীরা সকাল থেকেই সমস্যায় পড়েন।

বৃষ্টিতে রাজধানীর কলাবাগান, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, মগবাজার, মুগদা, কাজলা, শ্যামপুর, জুরাইন, ডেমরা, পোস্তগোলা, ফরিদাবাদ, মিরপুরের রোকেয়া সরণি, আজিমপুর, মানিকনগরসহ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

জলাবদ্ধতা তৈরি হয় রামপুরা, বাসাবো, গোড়ান, মতিঝিল, পুরানা পল্টন, হাজারীবাগ, ঝিগাতলা, নিমতলী, আশেক লেন, আলাউদ্দিন রোড, নাজিমউদ্দিন রোড, বকশীবাজার, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, শুক্রাবাদ, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, বারিধারা, ও বাড্ডা এলাকায়।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আজ বিকেলে ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের বেশ কিছু স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।