সরকার শুধু প্রতিশ্রুতিই দেয় না, বাস্তবায়নও করে : স্পিকার
মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে বলেই মানুষ আরও উন্নত জীবন যাপনে উৎসাহী হচ্ছে। এ কারণেই বিদ্যুতের চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। মানুষের জীবনমানের উন্নয়নে বিদ্যুতের গুরত্ব অপরিসীম বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার বিদ্যুৎ সংযোগ বৃদ্ধিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোমবার দুপুর ২টায় রংপুর পল্লী বিদুৎ সমিতি-১ এর আওতায় রংপুরের পীরগঞ্জের ১১৩টি গ্রামে ১৫ হাজার ৩০০ পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান এবং ২০ এমভিএ ক্ষমতা সম্পন্ন ২টি উপকেন্দ্রের (পীরগঞ্জ ১ ও ২) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিন বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী।
২০১৮ সালের মধ্যে পীরগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে স্পিকার আরও বলেন, বাংলাদেশের মানুষের উন্নয়নে শেখ হাসিনার সরকার শুধু প্রতিশ্রুতিই দেয় না, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজও করে। এরই লক্ষে উপজেলায় ইতোমধ্যে ১ হাজার কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। এছাড়াও নারী ও যবু সমাজের উন্নয়নে জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্র, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপনসহ বহুমুখী উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। যা শিগগিরই বাস্তবায়ন করা হবে।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবুলর সভাপতিত্বে ভেণ্ডাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার মঈন উদ্দিন, রংপুর জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম তোফাজ্জল হোসেন, ভেণ্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এর আগে ঢাকা থেকে বিমানযোগে সকাল সাড়ে ১০ টায় সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে সড়ক পথে এসে পীরগঞ্জের লালদীঘি ফতেপুর গ্রামে প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ ও জিয়ারত করেন তিনি।
এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ প্রয়াত ওয়াজেদ মিয়ার স্বজনরা সঙ্গে ছিলেন।
এমএএস/আরআইপি