রাস্তা খননে সব দপ্তরকে সমন্বয় করে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১৩ মে ২০২৬
ছবি: পিআইডি

রাস্তা খনন বা নির্মাণকাজে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, বৃষ্টির পানির সঠিক প্রবাহ বিবেচনা করে ড্রেন নির্মাণ করতে হবে, যাতে বর্ষাকালে পানি কোথাও জমে না থাকে। মন্ত্রণালয়ের গৃহীত প্রকল্পগুলো যেন মানুষের উপকারে আসে।

এসময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে যত্নশীল হওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন শামীমবাগ এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শামীমবাগ-কুতুবপুর সীমান্ত এলাকায় জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব নগরায়ণের দর্শন তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তাড়াহুড়ো করে নয়, বরং সরেজমিনে পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে হবে। সরকার চায় প্রতিটি নাগরিক যেন আধুনিক নাগরিক সুবিধা ভোগ করতে পারে।

সভায় সিদ্ধান্ত হয়, মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল থেকে শহীদনগর চৌরাস্তা পর্যন্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রয়োজনীয় রাস্তা ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।

সভায় স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।