ছাত্র ইউনিয়নের ওপর হামলা : পুলিশের ভূমিকা তদন্তে কমিটি


প্রকাশিত: ১১:৩৫ এএম, ১১ মে ২০১৫

নারী লাঞ্ছনার প্রতিবাদে রোববার ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ডিএমপি’র সদর দপ্তর ঘেরাও কর্মসূচিতে বাধা প্রদানের ক্ষেত্রে পুলিশের গৃহিত পদক্ষেপ সঠিক ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ৭ দিনের মধ্যে এ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সোমবার যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্ট্রিক্স, ফিন্যান্স এ্যান্ড প্রকিউরমেন্ট) মো. বেলালুর রহমানকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কৃঞ্চ পদ রায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি’র (মিডিয়া) সহকারী কমিশনার রবিউল আরাফাত  জাগো নিউজকে  জানান, পুলিশি কার্যক্রম পর্যালোচনা, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এতগুলো ব্যারিকেড পার হয়ে মিন্টু রোডস্থ র্স্পশকাতর মন্ত্রিপাড়ায় এসে রাস্তায় যানচলাচল বন্ধ করে কর্তব্যরত পুলিশ সদস্যগণ ও পুলিশ যানবাহনের ওপর হামলা করলো তা খতিয়ে দেখবে কমিটি।

তিনি আরও জানান, কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়-দায়িত্ব নিরূপণ, উল্লেখিত ঘটনায় রমনা বিভাগ কর্তৃক কি ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তা মূল্যায়ন, পুলিশের উপর হামলার কারণে আন্দোলনকারীদের বিরুদ্ধে গৃহীত আইনানুগ ব্যবস্থা এবং পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ যা নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিরূপ সংবাদ পরিবেশিত হয়েছে তা যাচাইয়ের করতেই এ কমিটি গঠন করা হয়েছে।

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যানে বখাটেদের হাতে লাঞ্ছিত হন বেশ কিছু নারী।

জেইউ/এসকেডি/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।