পল্টনে সীমানা প্রাচীর ও রাস্তা ধস, গ্যাস পাইপে ফাটল
রাজধানীর পল্টন থানাধীন বিজয়নগরে একটি নির্মাণধীন স্থাপনার দেয়াল ও রাস্তার একাংশ ধসে পড়েছে। এ ঘটনায় ওই এলাকার গ্যাস সরবরাহ পাইপে ফাটল দেখা দেয়। পরে তা দ্রুত মেরামত করা হয়। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। তিনি জানান, সোমবার সকালে আধা ঘণ্টার বেশি সময় ভারি বৃষ্টি হয়। এতে স্কাউট মার্কেটের পাশে পুরানা পল্টন লেনের ৭১ নম্বর হোল্ডিংয়ের সামনের রাস্তার পাশের সীমানা প্রাচীর ও রাস্তার একাংশ ধসে পড়ে। এছাড়া রাস্তার বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে।
তবে রাস্তার বিভিন্ন স্থানে ছোট-বড় ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের বাড়ির বাসিন্দারা। বড় ধরণের ধসের আশঙ্কা করছেন আশপাশের বাড়ির বাসিন্দারা।
এ বিষয়ে ওসি জানান, এলাকার বাসিন্দাদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হচ্ছে।
তিনি বলেন, সীমানা প্রাচীর ও রাস্তা ধসে যাওয়ায় ওই সড়কের নিচ দিয়ে যাওয়া গ্যাসের পাইপ ফেটে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরেই দ্রুত পাইপ মেরামত করা হয়।
ধসের ঘটনায় ব্যবস্থা নিতে ডেভেলপার কোম্পানিকে দ্রুত ব্যবস্থার নেয়ার কথা জানানো হয়েছে বলেও জানান ওসি।
জেইউ/আরএস/আরআইপি