২৮-৩০ জুলাই ডিসি সম্মেলন
আগামী ২৮ থেকে ৩০ জুলাই তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
ডিসি সম্মেলনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যরা ডিসিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে থাকেন। দেশে ৬৪ জেলা প্রশাসক রয়েছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ জুলাই সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুরাতন সংসদ ভবনের ‘শাপলা’ হলে ডিসি সম্মেলন উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সমাপনী অনুষ্ঠান ও কার্য অধিবেশনসহ সম্মেলনে ২৫টির মতো সেশন থাকবে।
কার্য অধিবেশনগুলোতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকবেন। সেখানে ডিসিদের সুপারিশগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে।
সবশেষ ২০১৪ সালের ৮-১০ জুলাই জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ২০টি কার্য অধিবেশনসহ মোট ২৪টি সেশন অনুষ্ঠিত হয়।
এসএ/এক/আরআই