প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলা অমানবিক : টিআইবি
বর্ষবরণে ঢাবি ও উদ্যান এলাকায় নারী লাঞ্ছনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রোববার ছাত্র ইউনিয়নের প্রতিবাদ সমাবেশে ও বিশেষ করে ছাত্রীদের ওপর পুলিশের হামলাকে নিলর্জ্জ, ন্যাক্কারজনক, বর্বরোচিত ও অমানবিক বলে উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে, অনতিবিলম্বে বিচার বিভাগীয় তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকারের প্রতি জোরালো আবেদন জানিয়েছেন।
ইফতেখারুজ্জামান বলেন, একটি শান্তিপূর্ণ প্রতিবাদ ও ন্যায্য দাবি আদায়ে আয়োজিত সমাবেশে পুলিশের পৈশাচিক তাণ্ডব এবং জেন্ডার অসংবেদনশীল আচরণ। এঘটনায় সুস্পষ্ট যে, রাজনৈতিক শিখণ্ডি হিসেবে ধারাবাহিকভাবে ব্যবহৃত হওয়ার ফলে বাংলাদেশের পুলিশ এখন নিজেদেরকে সকল আইনের ঊর্ধ্বে হিসেবে ভাবতে শুরু করেছে।
আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এ ঘটনা অশনিসংকেত হিসেবে প্রতিভাত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ড. জামান আরো বলেন, বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্পিত দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নারী নিপীড়ন প্রতিকারের স্থলে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল।
অন্যদিকে গতকাল এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের নির্মমভাবে দমনে অমানবিক ভূমিকা পালন করে পুলিশ বাহিনী তার ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে।
বাংলাদেশের সংবিধানে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতন, অমানবিক এবং লাঞ্ছনাকর আচরণ নিষিদ্ধ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী যেখানে পুলিশের এ জাতীয় আচরণ শাস্তিযোগ্য অপরাধ। সেখানে সরকারি কাজে বাধা প্রদানের ঠুনকো অজুহাত দেখিয়ে আইনের রক্ষকের আইনের ভক্ষক হয়ে উঠা পুলিশ বাহিনীর গৌরবময় ঐতিহ্যের জন্য ভয়ানক কলঙ্কজনক।
এরূপ নির্লজ্জ আচরণকারী পুলিশ সদস্যদের পক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাফাইয়ের বিষয়টি আরো গভীরভাবে উদ্বেগজনক বলেও উল্লেখ করেন টিআইবি নির্বাহী।
পুলিশের সকল কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা, নৈতিকতা এবং সর্বোপরি হৃত জন-আস্থা পুনরুদ্ধারে অনতিবিলম্বে বিচার-বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সনাতন পদ্ধতিতে তথাকথিত ‘ক্লোজড’ করা বা সাময়িক বরখাস্তের মতো লোক-দেখানো পদক্ষেপ যথেষ্ঠ নয়। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা, পেশাদারিত্ব, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা ও জেন্ডার সংবেদনশীলতা প্রতিষ্ঠা ব্যতীত গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব।
# নারী লাঞ্ছনার প্রতিবাদকারীদের ওপর হামলায় পুলিশ সদস্য বরখাস্ত
জেইউ/বিএ/আরআইপি