রাজধানীতে অস্ত্র ও গুলিসহ আটক ১
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ কামরুল হাসান ওরফে শুভ নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ।
গত শুক্রবার রাতে সবুজবাগ থানাধীন ১/১, উত্তর বাসাবো নাহার ভিলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির এডিসি (মিডিয়া) এসএম জাহাঙ্গির আলম সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামরুল হাসানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (পূর্ব) এর সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় বলেও জানান তিনি।
জেইউ/একে/আরআইপি