বাড্ডায় যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় দুলাল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর আড়াইটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত দুলাল পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে দাবি করেছেন তার স্ত্রী কাকলি বেগম।
চাঁদপুর বাবুরহাটের দেলোয়ার হোসেনের ছেলে দুলাল। তিনি মধ্যবাড্ডার ৩৭/১ কুমিল্লাপাড়া এলাকায় থাকতেন।
নিহতের বাবা দেলোয়ার হোসেন জানান, শনিবার দুপুরে মধ্যবাড্ডায় কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা দুলালকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে দুলালকে হত্যা করা হয়েছে তা বলতে পারেননি তার বাবা।
নিহতের স্ত্রী কাকলি বেগম জানান, ‘দুলাল কাঁচামালের ব্যবসা করতেন। পাশাপাশি তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস।
জেইউ/একে/পিআর