অস্বাভাবিক যানজটে অচল রাজধানী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৭ মে ২০১৫

রোববার বিকেলে রাজধানীতে অস্বাভাবিক যানজটে আটকা পড়ে রাজধানীবাসী। বাড়িফেরা মানুষদের হঠাৎ করেই এদিন বিকেলে পড়তে হয় দারুণ ভোগান্তিতে।

প্রতিদিনের নিয়মিত যানজটের বাইরে এদিন অস্বাভাবিক যানজট দেখা গেছে রাজধানীর বিভিন্ন সড়কে। ঘণ্টার পর ঘণ্টা সিগন্যালে দাঁড়িয়ে থেকেছে গাড়িগুলো। অফিস বা কর্মস্থল-ফেরত মানুষদের একটা বড় অংশ যানবহনের ভেতরে বসে থেকেছেন যানজট ছোটার অপেক্ষায়। অনেকে দাঁড়িয়ে থেকেছেন গাড়ি না পেয়ে। অনেকে আবার গাড়ি থেকে নেমে হেঁটেই রওয়ানা দিয়েছেন গন্তব্যের দিকে।

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সরেজমিনে দেখা গেল সিগন্যালে আটকে থাকা দীর্ঘ যানবাহনের সারি। এছাড়া ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, অন্যদিকে সাতমসজিদ রোড, ধানমন্ডি-কলাবাগান রুটেও একই চিত্র ছিল। বনানী, মহাখালি, গণভবন রুটেও ছিল জমাট যানজটে স্থির সড়ক।

অনেকেই রোববার বিকেল থেকে শুরু হওয়া এই অস্বাভাবিক যানজট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেখা গেছে ভুক্তভোগীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। অনেকে বুঝে উঠতে পারেননি হঠাৎ কী কারণে এই যানজট।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে সামনে রেখে রোববার রাজধানীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনগুলো বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করে।

হঠাৎ অস্বাভাবিক যানজটের কারণ হিসেবে অনেকে একেই চিহ্নিত করেছেন তাদের মন্তব্য এবং প্রতিক্রিয়ায়।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।