বুধবারের পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে ৩০ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৪ মে ২০২৬
হরমুজ প্রণালি/ ছবি: এএফপি (ফাইল)

ইরানের আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, বুধবার (১৩ মে) সন্ধ্যার পর থেকে ইরানের অনুমতি নিয়ে প্রায় ৩০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল এখন ইরানের তত্ত্বাবধান ও অনুমোদনের আওতায় পরিচালিত হচ্ছে।

ইরানি সংবাদমাধ্যমগুলো দাবি করে, চীনা জাহাজগুলোর জন্যও হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ব্যবস্থা করেছে তেহরান।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, ইরানের ম্যানেজমেন্ট প্রটোকল অনুযায়ী চীনা জাহাজগুলো হরমুজ প্রণালি পার হতে শুরু করেছে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে সাধারণ সময়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। তবে সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও সামরিক সংঘাতের কারণে সেখানে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বিশ্লেষকদের মতে, জাহাজ চলাচলের ওপর ইরানের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।