যৌন হয়রানির দায়ে প্রিপারেটরিতে একজনকে স্থায়ী বহিষ্কার


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৮ মে ২০১৫

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত শেষ করেছে। কলেজ শাখার শিক্ষক মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে গঠিত ওই তদন্ত প্রতিবেদনে ওয়াই গোপাল নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

সোমবার দুপুরে কলেজের নোটিশ বোর্ডে এ সিদ্ধান্তসহ অন্যান্য সিদ্ধান্তগুলো টাঙিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুলটির ট্রাস্টি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ম. তামিম।

এ প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত কমিটি তাদের কাজ শেষ করেছে। কমিটি ওয়াই গোপাল নামে একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। তাকে সাময়িকভাবে আগে থেকেই বহিষ্কার করা ছিল, এখন তাকে স্থায়ী বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে। আইনজীবীদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে আইনানুগ কি ব্যবস্থা নেয়া যায় সে বিষয়েও ভাবছি।

এছাড়া উপাধ্যক্ষ জিন্নাতুন নেছা বিষয়ে তিনি বলেন, তাকে আমরা সাময়িকভাবে অব্যাহতি দিয়েছি। তার বিরুদ্ধেও তদন্ত হবে, অভিযোগের সত্যতা আছে কি না। তদন্ত করে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপগুলো নেয়া হবে। এর আগে পর্যন্ত তিনি তার দায়িত্বে থাকবেন না।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ছাত্রী যৌন হয়রানির ঘটনায় আলাদা আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।সোমবার থেকে তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে এ কাজ শেষ করার নির্দেশ নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ মে ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর অভিভাবকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়ার পর স্কুল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। তবে তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশে দেরি করছে বলেও অভিযোগ করেছে অভিভাবকরা।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।