মোহাম্মদপুরে চোরাই পণ্যসহ গ্রেফতার দুই
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকা থেকে চোরাইকৃত মালামালসহ মো. স্বপন মিয়া (৩৮) ও মো. তারেক (২৮) নামে দু’জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার বিকেলে রায়েরবাজার আজিজ খান রোডস্থ খলিলুর রহমান সাহেবের নব নির্মিত বিল্ডিং এর তৃতীয় তলার একটি বাসা থেকে চোরাই মালামাল উদ্ধার করে র্যাব-২ এর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর সহকারি পরিচালক সিনিয়র এসএসপি মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাইকৃত ১৬টি মোবাইল সেট, একটি ট্যাব, একটি কম্পিউটারের সিপিইউ উদ্ধার করে এবং চুরির সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা জানায়, তারা একটি সক্রিয় চোর দলের সদস্য। রাজধানীর আদাবর, মোহাম্মদপুর, ধানমন্ডি এবং হাজারীবাগ থানা এলাকায় চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি স্বপন এ গ্রুপের নেতৃত্ব দিয়ে থাকেন। বিভিন্ন স্থান হতে চোরাইকৃত মালামাল স্বপনের নিকট জমা রাখা হয় এবং স্বপন উক্ত মালামাল অল্প দামে বিক্রয়ের ব্যবস্থা করে থাকে।
পরবর্তীতে বিক্রয়কৃত টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেইউ/এসকেডি/বিএ/আরআইপি