আইনের শাসন প্রতিষ্ঠায় সিপিএ অনন্য প্রতিষ্ঠান : স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর বলেছেন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও টেকসই উন্নয়নকে নিশ্চিত করার জন্য কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) একটি অনন্য প্রতিষ্ঠান। সমগ্র বিশ্বে সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করার প্রয়াসে সংসদীয় রীতি ও পদ্ধতি নিয়ে কাজ করছে সিপিএ।
সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬তম কমনওয়েল্থ পার্লামেন্টারি সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন তিনি।
স্পিকার আরো বলেন, সংসদ গণতন্ত্রের প্রতীক। সমগ্র বিশ্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং আইনের শাসন ও মানবাধিকারকে নিশ্চিত করে টেকসই উন্নয়নকে নিশ্চিত করতে সিপিএভুক্ত দেশগুলোর পার্লামেন্টকে একযোগে কাজ করতে হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সোয়াজিল্যান্ডের সংসদ সদস্য ও সিপিএ সেক্রেটারিয়েটের প্রতিনিধি মারউইক টি. খুমালো অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ.স.ম. ফিরোজ, হুইপগণসহ বিভিন্ন দেশের সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচএস/এসকেডি/বিএ/পিআর