যৌন নিপীড়নের প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান
বর্ষবরণে টিএসসিতে নারী নিপীড়নসহ ও দেশের অন্যান্য স্থানে নারী ও শিশুদের ওপর বর্বোরচিত যৌন সন্ত্রাসের প্রতিবাদে দশ লক্ষ স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এ গণস্বাক্ষর অভিযান উদ্বোধন করেন ঢাবির এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
একইসঙ্গে সারাদেশে জেলা-থানা ও স্থানীয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শহীদ মিনার থেকে গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৫ দিন গণস্বাক্ষর কার্যক্রমটি দেশব্যাপী চলবে।
উদ্বোধনী বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাষ্ট্র এখন নিপীড়কের চরিত্রে উপস্থিত। বিচারালয়ে বিচার পাওয়া যাচ্ছে না। রাষ্ট্রসমাজ ব্যবস্থার নিরীক্ষণের অন্যতম বিশ্বাসযোগ্য নিরীখ সমাজে নারীর অবস্থান। বর্ষবরণের দিন নিপীড়নের ঘটনা আমাদের সামনে সমাজ বাস্তবতার প্রকৃত চিত্র তুলে ধরেছে। আশাবাদের জায়গা এই চিত্র পরিবর্তনের সংগ্রাম অব্যহত রয়েছে।`
এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম তার বক্তব্যে বলেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষককে সম্পৃক্ত করে সারাদেশের প্রতিটি গ্রামে এ গণস্বাক্ষর কার্যক্রমের বার্তা পৌছে দিতে হবে।` তিনি ৬৮ হাজার গ্রামে বিশজন করে ছাত্রকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাকী আক্তারের সঞ্চালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ, শিক্ষাবিদ এ এন রাশেদা, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভূতত্ব পদার্থবিদ্যার পরিচালক সালমা বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু, লেখক মাজহারুল ইসলাম বাবলা প্রমুখ।
এমএইচ/বিএ/পিআর