মোহাম্মদপুরে অর্ধকোটি টাকার ভেজাল ওষুধ ধ্বংস
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মানহীন ও ভেজাল আয়ূর্বেদীয় ওষুধ ধ্বংস করেছে র্যাব-২। মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই এলাকার বছিলা গার্ডেন সিটিস্থ ইগো ফার্মা লিমিটেডে এ অভিযান চালানো হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে ওই কারখানা এবং গোডাউন হতে প্রায় পঞ্চাশ লাখ টাকা সমমূল্যের ভেজাল ও মানহীন ওষুধ জব্দের পর ধ্বংস করা হয়। বসিলা এলাকায় ওই ফার্মেসির কোনো ফার্মাসিস্ট, ক্যামিস্ট, কিংবা ল্যাব পাওয়া যায়নি। অত্যন্ত নোংরা পরিবেশে কয়েকজন শ্রমিক ওষুধ তৈরি ও প্যাকেট জাত করছেন। বৈধ লাইসেন্স থাকলেও প্রয়োজনীয় আবশ্যক জনবল ছাড়াই কোম্পানিটি অদক্ষ লোকজন দ্বারা মানহীন ও ভেজাল আয়ূর্বেদীয় ওষুধ প্রস্তুত ও বাজারজাত করে।
এসব অপরাধের জন্য ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্ট অনুযায়ী র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান প্রতিষ্ঠানের মালিক শহীদ পারভেজকে (৪০) দুই লাখ টাকা জরিমানাও করেন।
অভিযানে আরো অংশ নেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মো. মুহিদ ইসলাম। ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব-২।
এআর/একে/আরআইপি