উন্নয়নে সহযোগী দেশগুলোকে এগিয়ে আসতে হবে : স্পিকার


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৪ মে ২০১৫

জনগণের উন্নয়নে গৃহীত কার্যক্রমে সরকারের পাশাপাশি বিশ্বের উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার চার দিনব্যাপী নগর স্বাস্থ্যবিষয়ক দ্বাদশ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইসিইউএইচ-২০১৫ এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, আমেরিকার নিউইয়র্ক একাডেমি অব মেডিসিনের অধ্যাপক জো বুফোর্ড, মো. শামীম হায়দার তালুকদার, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গারবেন শোর্ড ডি জং এবং সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিজেল বক্তব্য রাখেন।

নগর উন্নয়নকে আর্থ-সামাজিক উন্নয়নের চালিকা শক্তি এবং সভ্যতার রক্ষাকবচ হিসেবে অভিহিত করে স্পিকার বলেন, নগর উন্নয়ন একটি সর্বাত্মক বিষয়। নগর উন্নয়নকে এগিয়ে নিতে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো নির্মাণ, স্যানিটেশন এবং বিনোদনসহ অন্যান্য বিষয়কে গুরুত্ব দিতে হবে। দ্রুত নগরায়নের এ সময়ে নগর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় নগর স্বাস্থ্য নীতির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে।

শিরীন শারমিন বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের উন্নয়নে স্থানীয় সরকার বিভাগ শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কৃষি, মৎস্য সম্পদ, প্রাণীসম্পদ, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, গ্রাম আদালত, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা, জন্মনিয়ন্ত্রণ, স্যানিটেশন, সুপেয় পানি সরবরাহ, সমাজ কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ এবং বৃক্ষরোপনসহ বিভিন্ন জনহিতকর কাজে নিয়োজিত রয়েছে। তিনি এসব কাজে ভূমিকা রাখার জন্য সরকারের পাশাপাশি বিশ্বের সকল উন্নয়ন সহযোগীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

এইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।