নজরুল চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম অর্থবহ অবদান রাখতে সক্ষম হবে


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৪ মে ২০১৫

নতুন প্রজন্ম নজরুল চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করে দেশপ্রেম ও সততা দিয়ে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে অর্থবহ অবদান রাখতে সক্ষম হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রোববার এক বাণীতে এ কথা জানান তিনি।
 
রাষ্ট্রপতি বলেন, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার, এক উজ্জ্বল নক্ষত্র। তার বর্ণাঢ্য কর্মজীবন ও সৃজনশীল কর্ম বাঙালির অন্তহীন অনুপ্রেরণার উৎস। কবির ক্ষুরধার অগ্নিঝরা লেখনী শোষিত-নির্যাতিত ও বঞ্চিতদের অধিকার আদায়ে মানুষকে সোচ্চার করে, অন্যায়ের প্রতিবাদ করতে শিক্ষা দেয়।

তিনি বলেন, কবি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গেয়েছেন, নারীর অধিকারকে সমুন্নত করেছেন। তার সৃষ্টি সর্বজনের, সর্বকালের।

রাষ্ট্রপতি বলেন, নজরুলের সৃজনশীল কর্ম বাংলা সাহিত্যে তো বটেই, বিশ্বসাহিত্যেও বিরল। মহান স্বাধীনতা যুদ্ধে কবির গান ও কবিতা অনিঃশেষ প্রেরণা জুগিয়েছে। তার লেখনী থেকেই ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা পেয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্ষণজন্মা কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানান রাষ্ট্রপতি। বরেণ্য এই কবির জন্মজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজনকেও স্বাগত জানান তিনি।

চিরঞ্জীব কবি কাজী নজরুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন রাষ্ট্রপতি।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।