আশুলিয়ায় ব্যাংক ডাকাতির অপারেশন কমান্ডার গ্রেফতার


প্রকাশিত: ১০:৫৯ এএম, ৩১ মে ২০১৫

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংক ডাকাতির ঘটনার মূলহোতা ও আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা মাহফুজুল ইসলাম শামিম ওরফে সুমনকে (৩৫) গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। শনিবার মধ্যরাতে রাজধানীর মধ্য বাড্ডার তেতুলবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সুমনের বাড়ি জামালপুরের রানাগাছা। সে ওই ডাকাতির ঘটনায় অপারেশন টিমের কমান্ডার ছিলেন। ডাকাতির আগে ব্যাংকের নকশা তৈরি করে অন্যান্য সদস্যদের কাজ বুঝিয়েও দেয় সে।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান।

এর আগে এপ্রিলের ২১ তারিখ আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতদের গুলিতে ৯ জন নিহত হন।

আনসারুল্লাহ বাংলাটিমের আগে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য ছিল সুমন। ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ও গাজীপুরের বোর্ড বাজারের একটি ডাকাতির সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল বলে এসপি হাবিবুর রহমান জানান।

তিনি বলেন, ২০১৩ সালের ২৩ আগস্ট সুমন বগুড়ার সদর থানা এলাকা থেকে জেএমবির প্রশিক্ষণ শিবিরে যোগ দেয়। পরে পুলিশের অভিযানকালে সে অস্ত্রসহ পালিয়ে যায়। এরপর সংগঠিত হয়ে ডাকাতির পরিকল্পনা করে সে।

ব্যাংক ডাকাতির ঘটনায় এ পর্যন্ত মোট ১১জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে ৫ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা সবাই জবানবন্দিতে সুমনের নাম বলেছে।

ঢাকা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) নাজমুল হাসান ফিরোজ অভিযানটি পরিচালনা করেন।

এআর/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।