কল্যাণপুরে গুলিসহ অস্ত্র উদ্ধার
রাজধানীর মিরপুর থানাধীন কল্যাণপুরে বাসের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় দুই রাউন্ড তাজা গুলিসহ ১টি দেশীয় তৈরি স্যুটারগান (পিস্তল) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ (র্যাব)। রোববার দুপুরে কল্যাণপুর বাস কাউন্টারের সামনে শ্যামলী পরিবহনের ভেতর থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, র্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মেহেরপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের ঢাকা মেট্টো ব-১১৬৪৪৯ বাসে করে কিছু দুস্কৃতিকারী আগ্নেয়াস্ত্র নিয়ে ঢাকায় আসছে। সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর সদস্যরা মিরপুর থানাধীন কল্যাণপুর বিআরটিসি ডিপোর মার্কেটের শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে পাঁকা রাস্তার উপর অবস্থান নেয়।
বাসটি আসা মাত্রই র্যাব-২ এর আভিযানিক দল বাসে তল্লাশি চালিয়ে আমের বস্তার মধ্যে হতে ১টি ওয়ান স্যুটারগান ও ২ রাউন্ড তাঁজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান এএসপি মারুফ আহমেদ।
জেইউ/একে/আরআইপি